নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের প্রথম ম্যাচে আজ কুমিল্লাকে ৩২ রানে হারিয়ে শীর্ষে উঠেছে বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল সংগ্রহ করেছে ১৫৫ রান। আসরে এবারই প্রথম দেড়শ ছাড়াল বরিশালের পুঁজি।
বরিশালকে ভালো শুরু এনে দেন মুনিম শাহরিয়ার। যদিও এদিনও মলিন ছিলেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তবে আজও ফিফটির দেখা পেয়েছেন সাকিব।
যদিও সাকিবের বিদায়ের পর বরিশালের রানের গতি একটু কমে যায়। ৬ বলে ১০ রান করে আউট হন একটি ছক্কা হাঁকানো ব্রাভো। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে রীতিমত সংগ্রাম করেছেন হৃদয়। ৩৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েসকে হারিয়ে শুরু হয় উইকেট পতনের, ৩৫ রানেই সাজঘরে ফেরেন ৩ ব্যাটার। মুমিনুল হকের ৩০ বলে ৩০ ও লিটন দাসের ১৭ বলে ১৯ রানের দুই ইনিংস থামলে খেই হারিয়ে ফেলে কুমিল্লা।
শেষদিকে ১৩ বলে ১৭ রান করেন করিম জানাত; ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তানভীর ইসলাম। এছাড়া আর কারও রানই দুই অঙ্কের দেখা পায়নি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।
বরিশালের পক্ষে নাঈম হাসান তিনটি এবং সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। মঈন আলীর (১১ বলে ৬ রান) উইকেট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বরিশাল। শীর্ষস্থান হারানো কুমিল্লা ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্টের অধিকারী।
সংক্ষিপ্ত স্কোর
টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ফরচুন বরিশাল : ১৫৫/৫ (২০ ওভার)
সাকিব ৫০, মুনিম ৪৫, হৃদয় ৩২*
তানভীর ২২/২, করিম ৭/১, মঈন ২১/১, মুস্তাফিজ ৩০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১২৩/৯ (২০ ওভার)
মুমিনুল ৩০, লিটন ১৯
নাঈম ২৯/৩, সাকিব ২০/২, ব্রাভো ২৯/২
ফল : ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী।
