নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উপমহাদেশের কন্ডিশনে বরারবই স্পিনাররা আধিপত্য বিস্তার করে। বল ধীরে ব্যাটে আসায় শট খেলতে গিয়েও ব্যাটারদের বিপাকে পড়তে হয়। যে কারণে উপমহাদেশের বাইরে ব্যাটারদের রান তুলতে গিয়ে বেগ পোহাতে হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসা মঈন জানালেন, বাংলাদেশে ভালো খেলতে পারলে বিশ্বের সব জায়গায় ভালো খেলা যায়। সেই সঙ্গে নিজের উন্নতি করতেই বিপিএলে এসেছেন বলে জানিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মঈন বলেন,”খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট এখানে, খেলাটাই এখানে অনেক আলাদা। খুব ভালো সব স্পিনার আছে এখানে, ভালো ব্যাটার, যেমনটি বলেছি, ভালো মানের বিদেশি ক্রিকেটার আছে। কাজটা এখানে কঠিন, সহজ নয় মোটেও। আমার মনে হয়, সফরকারীদের জন্য বাংলাদেশ সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। তবে অনেক কিছু শেখার সুযোগ আছে। এখানে ভালো খেলতে পারলে আমার মনে হয়, যে কোনো জায়গায় ভালো খেলা যায়। আমার বাংলাদেশে আসার কারণগুলোর মধ্যে এটিও একটি, উন্নতির চেষ্টা করা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ইংল্যান্ডের হয়ে যখন এখানে আসব ভবিষ্যতে, আশা করি কন্ডিশন সম্পর্কে আরও ভালো ধারণা থাকবে। এখানে এসে তাই আমি খুবই খুশি। মান এখানে এখন খুবই ভালো। কাজেই আসতে পারাটা দারুণ। আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটাররাও অনেক উন্নতি করেছে।”
গত আসরের মতো এবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলবেন এই ইংলিশ অলরাউন্ডার। নিজের ফর্ম ধরে রাখা এবং আইপিএলের জন্য প্রস্তুতি নিতেই বিপিএলে এসেছেন বলে জানান মঈন।
দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে আসা মঈন বলেন,’‘অবশ্যই। যেটা বললাম আগে, এখানে ভালো খেললে দুনিয়ার প্রায় সব জায়গায় ভালো খেলা যায়। বিশেষ করে, স্পিন খেলায়। বিভিন্ন ঘরানার স্পিনার এখানে। আমার এখানে আসার কারণগুলোর মধ্যে এটিও একটি, ফর্ম ধরে রাখা ও আইপিএলের জন্য প্রস্তুতি নেওয়া। এই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।”
