‘গেইল সুলভ’ ব্যাটিং দেখার অপেক্ষায় ফরচুন বরিশাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনেক আশা ভরসা নিয়ে ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। তবে যে কারণে গেইলকে দলে নেওয়া হয়েছে সেই ব্যাটিং তাণ্ডব এখনও দেখাতে পারেননি তিনি। তবে এখোনি গেইলকে নিয়ে আশা হারাচ্ছেন না ফরচুন বরিশালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচে রান করেছেন ১১৭। ব্যাট হাতে ফিফটি নেই একটিও। তবুও তাঁর প্রতি আস্থা হারাচ্ছেন না নাজমুল আবেদিন ফাহিম। তাঁর আশা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুতই মানিয়ে নিবেন গেইল।

তিনি বলেন,”সত্যি বলতে হতে পারে। কারণ ও যদি রান না করে এরপর ওর কাছ থেকে পাবার কিছু থাকে না। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়। তবে এখনও তার পাঁচ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সেই সামর্থ্য আছে।”

তিনি আরও যোগ করেন,”যে কারণে আমরা তার ওপর বিশ্বাস রাখছি যে কারণে ওকে নির্দিষ্ট একটা জায়গা ছেড়ে দিয়েছি যাতে করে ওখানে পুরোপুরি মনোযোগী হতে পারে এবং জায়গা নিয়ে চিন্তা করতে না হয়। যত সময় যাবে আস্তে আস্তে মানিয়ে নিবে এবং ভালো পারফর্ম করবে।”

খেলোয়াড়রা যখন ফর্মে থাকেন না তখন অনুশীলনে বাড়তি মনোযোগ দেন। তবে এই ধরণের সংস্কৃতির সঙ্গে খুব একটা অভ্যস্ত নন গেইল। সে ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করে অন্যভাবে। গেইলের বাড়তি প্রস্তুতি নিয়ে মাথা ব্যথা নেই ফাহিমের।

তিনি বলেন,”ওরা যেখান থেকে এসেছে ওখানকার সংস্কৃতিটা এমনই। ওরা খেলাটাকে এভাবেই দেখে। আমরা মানিয়ে নিয়েছি এর সঙ্গে। সবমিলিয়ে দলের পারফরম্যান্স বা ডিসিপ্লিনে কোনো প্রভাব ফেলতে না পারে, ঐদিকে আমাদের নজর রয়েছে। তবে বাকি যারা রয়েছে তাঁরা মনোযোগী, সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »