নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এর আগে গত মাসে আইসিসির অনুমোদিত বায়োম্যাকানিক ল্যাবরেটরি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। সেই রিপোর্ট পর্যালোচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সপার্টরা তার বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করেছে।
তার বোলিংয়ের সময় কুনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয়ে যায়। যা আইসিসির নিয়ম অনুসারে অবৈধ। একজন বোলার বোলিং করার সময় তার কুনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা করতে পারে। আইসিসির নিয়ম অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে তার খেলতে কোনো বাঁধা নেই। তবে পিসিবি হাসনাইনকে পিএসএলে না খেলে বোলিং শুধরানোর পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে পিসিবি বলেছেন,”তার ভবিষ্যতের কথা মাথায় রেখে পিসিবি পিএসএল ২০২২ টেকনিকাল কমিটির পরামর্শ মেনে তাকে পিএসএলে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। পিএসএল না খেলে সে এই সময়ে পিসিবির নিয়োগকৃত বোলিং কনসাল্টেন্টের সঙ্গে অ্যাকশন শোধরানোর কাজ করবে যাতে করে আবার পরীক্ষা দিয়ে সে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।”
পিসিবি আরও জানিয়েছে হাসনাইনের বেশ কয়েকটি অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।
তারা বলেছে,’‘পিসিবি আজ মোহাম্মদ হাসনাইনের অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে আনুষ্ঠানিক ও বিস্তারিত রিপোর্ট পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে। যেখানে উল্লেখ আছে তার করা গুড লেংথ ডেলিভারি, ফুল লেংথ ডেলিভারি, স্লো বাউন্সার ও বাউন্সার এর সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রী সীমার চেয়ে বেশি বাঁকে।”
