নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের অনবদ্যতায় ২০২০ যুব বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয় ভারতের। এবার দ্যুতি ছড়াতে পারেনি রাকিবুল হাসানরা।
গতবারের ফাইনালের প্রতিশোধ চলতি আসরের কোয়ার্টারেই নেয় ভারত। বাংলাদেশকে হারানোর পর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়নরা।
আগামীকাল ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে পঞ্চম শিরোপা উঠবে যশ ধুলদের শোকেজে।
বুধবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে ভারত। জবাবে ১৯৮ রানে গুটিয়ে যায় অজি যুবাদের ইনিংস। ৯৬ রানের বড় জয়ে টানা চতুর্থ বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত।
শেষ ১২ বছরে তিনবার ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হলো ১৯৮৮, ২০০২ ও ২০১০ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ২০১২ সালে ঘরের মাঠে ফাইনালে ভারতের কাছে ৬ উইকেটে হারে অস্ট্রেলিয়া।
এরপর ২০১৮’র ফাইনালে ৮ উইকেটে পরাজিত হয় অজিরা।
