নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের খেলা চলাকালে ক্যামেরার লেন্স গ্যালারির দিকে ঘুরে গেলেই একটা মানুষ আমাদের চোখের সামনে ভেসে উঠে। গায়ে তাঁর বাংলাদেশের জার্সি, কোকড়ানো রং-বেরংয়ের চুল, হাতে বাংলাদেশের পতাকা। মিরপুরের শেরে বাংলা হোক কিংবা ইংল্যান্ডের লর্ডস; সব জায়গায় আমাদের চিরপরিচিত মুখ এই মানুষটা।

বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ ভক্ত মানুষটার নাম তাঁর মোহাম্মদ শাহীন। আইসিসি স্বীকৃত বাংলাদেশের একমাত্র আইকনিক ফ্যান। বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশের খেলা থাকুক না কেন, এই মানুষটা তক্কে তক্কে হাজির হয়ে যান। মাঠে গর্জন তুলে ওরা ১১ জন,গ্যালারিতে গর্জন তুলেন শাহীন।

ক্রিকেটের সাথে তাঁর পথচলা সেই নব্বই দশক থেকে। বাংলাদেশের ক্রিকেটের পথচলার শুরু থেকেই টাইগারদের সমর্থনের উদ্দেশ্য মাঠে যাওয়া-আসা শুরু তাঁর। সময়ের সাথে এই যাওয়া-আসা পরিণত হলো নেশাতে। একটা সময় অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, যেখানেই বাংলাদেশ সেখানেই শাহীন খান। তাঁর ট্রেডমার্ক বিখ্যাত ঝাঁকড়া চুল আর হাতে ডুডল নিয়ে হাজির তিনি।
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বলে একটা প্রবাদ আছে। এই প্রবাদটা তাঁর সাথে খুব মানিয়ে যায়। বাংলাদেশের খেলা দেখতে,টাইগারদের সাপোর্ট করতে নিজ পকেটের টাকা খরচ করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে হাজির হয়ে যান বিদেশ বিভূইয়ে।

দিন রাত নেই, পড়ে থেকেছেন বাইশগজের গ্যালারীতে। ঘরের থেকে সবুজের বিশাল মাঠ তাকে টানে বেশি। চুম্বকের মতো সেই টানকে তাচ্ছিল্য করার সাধ্য শাহীন খানের নেই। নেই বলেই তিনি আজ বিশ্বের মাঝে বাংলাদেশের একমাত্র আইকোনিক ফ্যান।
পেশায় তিনি একজন ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই তাঁর সারাদিন কাটে ব্যস্ততা আর হিসাব নিকাশের এক অদ্ভূত দুনিয়ায়। কিন্তু বাংলাদেশের খেলা হলেই সব যেনো নিমিষেই ভুলে যান তিনি। গার্মেন্টেসের চেয়ারম্যানের আরামদায়ক অফিস রুম ছেড়ে তিন হাজির হয়ে যান শেরে বাংলার গ্যালারীতে।

যেখান রোদ-বৃষ্টি আর উন্মাদনার জোয়ার বয়ে যায়। সেই জোয়ারে গা ভাসিয়ে দেন তিনিও। অফিসের শান্ত পরিবেশ থেকে মাঠের হৈ-হুল্লোড় যেনো তাঁর অতি আপন। এই মানুষটার কাছে ক্রিকেটটা অক্সিজেনের মতো। আর ক্রিকেট মাঠ যেনো অক্সিজেন সিলিন্ডার। এই ক্রিকেটেই আমরণ নিজেকে আনন্দ দিয়ে যেতে চান আইসিসির কভারে স্থান পাওয়া এই টাইগার ভক্ত।
দুই যুগেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করে আসছেন তিনি। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর খরচটা নিজের থেকেই বহন করেন। দিনশেষে কখনো হাসি, কখনো কান্নার এক যুগল বন্দিতেই তাঁর জীবনের স্বার্থকতা। কেবল মনের খোরাক আর আনব্দের জন্যই মানুষটার এতো ত্যাগ। তাঁর শেষ কথা, ‘একবার এবং বারবার আরও অনেক দিন গলা ফাটাতে চাই বাংলাদেশের জন্য।’

আজ এই মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন শাহীন খান। আপনি আরো অনেকদিন বাংলাদেশের হয়ে গ্যালারী মাতিয়ে রাখুন। নিঃস্বার্থভাবে সমর্থন করে যান। সারা পৃথিবী আপনাকে জানুক লাল সবুজের আইকোনিক ফ্যান হিসাবে। মনে রাখুক আজীবন। নিউজ ক্রিকেটেরর পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আপনার জন্য দোয়া এবং শুভকামনা।
