নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৮তম ম্যাচে, আজ (বৃহস্পতিবার) বৃষ্টিবিঘ্নিত দিনের দ্বিতীয় খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে-বাংলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৩৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শেরে-বাংলায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার কাপ্তান ইমরুল কায়েস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে, চট্টগ্রাম ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতেই মাঠে হানা দেয় বৃষ্টি।
একপশলা এই বৃষ্টিতে প্রায় ঘন্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবারো মাঠে গড়ায় খেলা। কার্টেল ওভারে ২ ওভার কমিয়ে ১৮ ওভারে নির্ধারণ করা হয় ম্যাচ। বৃষ্টি শেষে খেলা আবারো মাঠে গড়ালে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে লন্ডবন্ড হয়ে যায় চট্টলার ব্যাটিং লাইনাপ। মোস্তাফিজের ফাইভারের দিনে, নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। বল হাতে ৪ ওভারে ২৭ রান খরচায় মোস্তাফিজের শিকার ৫ উইকেট।
চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে উইল জ্যাকসের সংগ্রহ দলীয় সর্বোচ্চ ৫৭ রান। এছাড়া আফিফ ও শামিমের ব্যাট চড়ে আসে যথাক্রমে ২৭ ও ২৬ রান।
জয়ের জন্য ১৮ ওভারে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
