কুমিল্লার প্রথম হারে ঢাকার বড় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৫তম ম্যাচে, আজ (মঙ্গলবার) দিনের প্রথম খেলায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

উক্ত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের প্রথম হারের স্বাদ দিয়েছে ঢাকা। যার ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিলো মাহমুদউল্লাহ বাহিনী।

দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতক ও তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন কাপ্তান রিয়াদ।এছাড়া তামিমের ব্যাটে চড়ে আসে ৩৫ বলে ৪৬ রানের ইনিংস।

কুমিল্লার হয়ে বল হাতে তানভীর ইসলামের শিকার সর্বোচ্চ ২ উইকেট। এছাড়া মোস্তাফিজ, শহিদুল ও করিম জানাতের শিকার একটি করে উইকেট।

আসরে টানা চতুর্থ জয়ের খোঁজে ১৮২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কুমিল্লার ব্যাটসম্যানরা। রাসেল,এবাদত ও কায়েস আহম্মেদের বোলিং তোপে ১৭.৩ ওভারে ১৩১ তুলতেই গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়, এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান।
ঢাকার হয়ে বল হাতে আন্দ্রে রাসেলের শিকার ৩ উইকেট। এছাড়া কায়েস আহম্মেদ ও এবাদত নেন দুটো করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »