নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে বাংলাদেশ – আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের খেলাগুলো ঢাকা এবং চট্টগ্রামে হবে বলে জানা গেছে।
বাংলাদেশে এসে ৩ ওয়ানডে ও দুই টি২০ খেলবে আফগানরা। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ গুলো ঢাকার বাইরে হবে, সেই তালিকায় ছিলো চট্টগ্রাম ও সিলেটের নাম। তবে সব গুঞ্জনে পানি ঢেলে এবার জানা গেলো আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র জানায়, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ‘ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি।
এদিকে আফগানিস্তান সিরিজেও ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রাপ্যতা নিয়ে শঙ্কা রয়েছে। অনেক চেষ্টা-তদবির করেও বিপিএলে ডিআরএসের ব্যবস্থা করা যায়নি। আফগানিস্তান সিরিজেও ডিআরএস পরিচালনা সংস্থাগুলো সময় দিতে পারবে না- এমন শঙ্কা রয়েছে বলে জানা গেছে ।
সম্প্রতি ডিআরএস ও প্রযুক্তিগত সুবিধা না থাকায় স্থগিত হয় জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডেও সুপার লিগের অন্তর্গত। ডিআরএস না থাকলে ওয়ানডে তিনটি সুপার লিগের ম্যাচের মর্যাদা পাবে কি না তা বড় এক প্রশ্ন বটে।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
