দল হিসেবে খেলতে না পারাই হারের কারণঃ ইয়াসির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

মাত্র ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমেও বরিশালের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেকে পাওয়ার প্লে থেকে খুলনার দুই ওপেনার তুলতে পেরেছে মাত্র ২২ রান । ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াকু ইনিংস খেলেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ম্যাচ শেষে রাব্বি হারের কারণ হিসেবে দল হিসেবে ভালো খেলতে না পারাকেই দুষলেন।

১৪৪ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরুতে দুই ওপেনারের ধীর গতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে খুলনা টাইগার্স।আন্দ্রে ফ্লেচার (২৩ বলে ১২ রান) ও সৌম্য সরকারের (২২ বলে ১১ রান) দৃষ্টিকটু ও অস্বস্তিকর দুই ইনিংসই দিনশেষে গড়ে দিয়েছে পার্থক্য।

৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে অনেকটা জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন রাব্বি, তবে শুরু ভালো না হওয়ায় তার এই দুর্দান্ত ইনিংসেও জয়ের দেখা পায়নি দলটি। ম্যাচ হারের কারণ হিসেবে রাব্বি বলেন, ‘সত্যি কথা বলতে আসলে, কী বলব… পুরো দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। ১৪৬ তাড়া করার মত রান। একটু ভালো ব্যাটিং যদি করতে পারতাম হয়ত এই দুইটা ম্যাচ এভাবে হারা লাগত না।’

দুই ওপেনারের ব্যাটিং নিয়ে রাব্বি বলেন ‘এটা তাদের নিজেদের পরিকল্পনা, আমি আসলে জানি না কী হয়েছে। সাকিব ভাই, মুজিব ঐ সময়টায় বোলিং করছিলেন। হয়ত ভালো বল করছিল। এমন তো না তারা ফেলে দেওয়ার মত বোলার। দুজনই বিশ্বমানের বোলার। ওরা দুজন যখন মাঝখানে ছিল, ওরা দুজনই হয়ত ভালো জানবে কী হচ্ছিল। বাইরে থেকে তো অনেক কথাই বলা যায়।’

১৪৬ রান তাড়া করতে নেমে খুলনার ইনিংস থামে ১৩৯ রানে। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকানো ইয়াসিরের।তিনি বলেন, ‘উইকেট সুন্দর ছিল। আমরা ভালো খেলিনি। সবাই মিলে হেরেছি। আমি খুশি নই। দল হেরে গেলে ব্যক্তিগত অর্জন কোনো কাজে আসে না। মনের তৃপ্তিটা নেই। কাউকে দোষারোপ করার কিছু নেই। পাঁচটা ম্যাচ বাকি আছে। ইনশাআল্লাহ্‌ কামব্যাক করব।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »