নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিপিএলের চতুর্থ ম্যাচে আজ মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩০ রানের ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) হোম অফ ক্রিকেট মিরপুরে, মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উক্ত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৩০ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো তামিম-মাহমুদুল্লাহদের ঢাকা। অন্যদিকে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাঠ ছেড়েছে আসরের প্রথম স্বস্তির জয় নিয়ে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কেনার লুইসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম।তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সালাম দেন ইংলিশ ওপেনার উইল জ্যাক। উইল জ্যাক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও ব্যানি হাওয়লদের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল পূঁজি দাঁড় করায় বন্দরনগরীর দলটি।
চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান আসে ইংলিশ ওপেনার উইল জ্যাকের ব্যাট থেকে। এছাড়া ব্যানি হাওয়েল (৩৫),সাব্বির রহমান (২৯) ও মেহেদী হাসান মিরাজ করেন (২৫) রান।
ঢাকার হয়ে বল হাতে পেসার রুবেল হোসেনের শিকার ৩ উইকেট। এছাড়া আরাফাত সানী, শুভগত হোম, ইসুরু উদানা ও মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট।
প্রথম জয়ের খোঁজে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মিনিস্টার গ্রুপ ঢাকা শেষ অব্দি খুঁজে পায়নি জয়ের বন্দর। ইনিংসের ১ বল বাকী থাকতে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।
ঢাকার হয়ে তামিম ইকবাল ব্যাতিত খুব একটা সুবিধা করতে পারেনি দলের অন্য ব্যাটসম্যানরা। যার ফলে ৩০ রানের তিক্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।
