নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগের কিউই সফরগুলো থেকে একরাশ হতাশা নিয়ে ফিরলেও এবারের নিউজিল্যান্ড সফরে দেখা মিলেছে জয়ের দেখা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে ম্যাচ জিতে গতকাল শনিবার (১৫ জানুয়ারি) দেশে ফিরেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচ জিতলেও খুশি থাকার সুযোগ দেখছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইতে ৮ উইকেটের জয় পেলেও ক্রাইস্টচার্চে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচ জিতলেও মুমিনুলের চিন্তা বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো নিয়ে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বড় দলের সঙ্গে সিরিজগুলোকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এদিকে ড্র করে দেশে ফিরলেও মাটিতেই পা রাখছেন তিনি।
দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল বলেন,’‘আমার কাছে মনে হয় আপনারাও আশা করেননি। আমার দলের অনেকেই আশা করেনি, হয়তো আমি কিছুটা আশা করেছি। আপনারা সবাই, কেউই আশা করেনি আমরা নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জিতব। একটা টেস্ট ম্যাচ জিতেছি কিন্তু আমি এখন এর চেয়ে বেশি চিন্তিত পরবর্তী সিরিজগুলো নিয়ে। কারণ সামনের সিরিজগুলো ভালো ভালো দলের সাথে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে। ঐ সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমাদের হয়তো অনেক বেশি জায়গা আছে উন্নতির, একটা টেস্ট জিতলাম তা নিয়ে খুশি থাকলাম, অনেক উপরে উঠে গেলাম তা না। আমাদের পা মাটিতেই থাকবে। দিনে দিনে অনেক উন্নতি করতে হবে।”
