ভারতের কাছে হারায় প্রস্তুতি খারাপ হয়ে যায়নিঃ রাকিবুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতকে হারিয়ে গত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপের আগে সেই ভারতের কাছে হারের এশিয়া কাপের পরাজয়ে দলের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি।

ভারতের বিপক্ষে জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনাল হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। সেই ভারত এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অবশ্য ‘প্রিয়’ প্রতিপক্ষের বিরুদ্ধে হারে বিচলিত নয়।

দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন,’‘হয়ত আমরা ভারতের সঙ্গে এশিয়া কাপে হেরেছি। কিন্তু এতে আমাদের প্রস্তুতি খারাপ হয়ে যায়নি। এখন আমরা ভালো অবস্থায় আছি। আমরা সেসব ভুলে প্রস্তুতি নিচ্ছি। আগের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত আছি। আশা করি প্রথম ম্যাচে ভালো করব।’’

প্রস্তুতি ম্যাচে বড় কোনো দলের বিপক্ষে খেলতে পারেনি বাংলাদেশ। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এ নিয়ে কোনো অসন্তুষ্টি নেই রাকিবুলের।

তিনি জানান,”না, এতে কোনো সমস্যা হবে না। কারণ বিশ্বকাপে আসার আগে আমরা ভারতের সঙ্গে তাদের মাঠে খেলে জিতেছি। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে খেলেছি এবং জিতেছি। তো আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি, নিজেদের প্রক্রিয়া নিয়ে ভাবছি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্যই এখন নজর দিচ্ছি।’’

এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। রাকিবুল মনে করেন, কন্ডিশনের দিক থেকে দুই ভেন্যুই একইরকম।

তার ভাষায়,”এখানকার কন্ডিশন খুব কঠিন না। দুই সপ্তাহের মতো হল আছি, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি- যা আমাদের জন্য ভালো প্রস্তুতি। আমরা এখন ভালোভাবেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি ইংল্যান্ডের সঙ্গে আমরা সেরা ক্রিকেটটা খেলতে পারব।’’

করোনার কারণে প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নিতে না পারলেও রাকিবুল সন্তুষ্ট।

তিনি বলেন,’‘সব দলই তো বিশ্বকাপ জেতার জন্য আসে। সবার পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়া। শেষ বিশ্বকাপে আমাদের সেই লক্ষ্য ছিল এবং আমাদের প্রস্তুতি, প্রক্রিয়া ও পরিকল্পনা সফল হওয়ায় শিরোপা জিতেছিলাম। এবার কোভিডের কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। একইভাবে সব দলেরই প্রস্তুতির ঘাটতিতে আছে। আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটা সম্ভাব্য সেরা প্রস্তুতি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »