নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন দাপটের সাথে। যে কারণে এনামুলের সুযোগ মিলল এবারের বিপিএলেও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে এনামুল হক জুনিয়র খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে। প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও এবার সরাসরি চুক্তিতে এনামুলকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। এনামুলকে দলে ভেড়ানোয় দলটির স্পিন বিভাগের শক্তি আরও বৃদ্ধি পেল।
এর আগে ড্রাফট শুরু হওয়ার পূর্বে ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ানোর সুযোগ ছিল চট্টগ্রামের। সেই সুযোগ কাজে লাগিয়ে চট্টলার দলটি স্কোয়াডে নেয় জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া বিদেশিদের মধ্যে ইংল্যান্ডের বেনি হাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস ও ইংল্যান্ডের উইল জ্যাকসকে দলে নেওয়া হয়।
