ইয়াসিরের সাথে খারাপ আচরণে শাস্তি পেলেন জেমিসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাথে অখেলোয়াড়সুলভ আচরণ করায় তাকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তৃতীয় দিনে ইয়াসিরকে আউট করার পর উদযাপনের সময় বাজে ভাষা ব্যবহার করেন জেমিসন। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১তম ওভারে ইয়াসিরকে আউট করে আগ্রাসী উদযাপন করেন জেমিসন। এ সময় ইয়াসিরের উদ্দেশে তিনি বাজে ভাষা ব্যবহার করেন।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের। অন ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও ওয়েন নাইটস এবং তৃতীয় আম্পায়ার ক্রিস ব্রাউন ও চতুর্থ আম্পায়ার শন হেইগ জেমিসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। সেই অভিযোগ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা আর সাথে সর্বোচ্চ দুটি ডিমেরিট পয়েন্ট। জেমিসনকে অবশ্য শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সাথে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »