ঘুমের ওষুধই শেষ ভরসাঃ কনওয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রাইস্টচার্চের সবুজ উইকেটের মাঝেও ব্যাট হাতে দাপট দেখিয়ে চলেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। দুর্দান্ত ব্যাটিং করলেও সেঞ্চুরির অপেক্ষা নিয়ে প্রথম দিন শেষ করতে হয়েছে ডেভন কনওয়েকে। ৯৯ রানের অপরাজিত থাকায় ঘুমের জন্য ঔষধ খেয়ে রাত পার করতে হবে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

শুরুতে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন টম লাথাম এবং উইল ইয়ং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৪৮ রান। শরিফুল ইসলামের বলে ৫৪ রান করা ইয়ং ফিরলেও নিউজিল্যান্ডকে চেপে ধরতে পারেনি বাংলাদেশের বোলাররা।
এরপরের শুধুই কেবলই লাথাম এবং কনওয়ে ঝলক। শুরুর দিকে খানিকটা দেখেশুনে ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন কনওয়ে।

প্রথম দিন লাথাম সেঞ্চুরি তুলে নিয়ে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকলেও ১ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষা বেড়েছে কনওয়ের। ৯৮ রান নিয়ে দিনের শেষ ওভারে ব্যাটিং করছিলেন কনওয়ে। এমন অবস্থায় স্বাচ্ছন্দ্যে রাত পার করতে ঘুমের ঔষধ খাওয়ার কথা ভেবে রেখেছেন বাঁহাতি এই ব্যাটার।

এ প্রসঙ্গে কনওয়ে বলেন,’‘স্বাভাবিকভাবেই আমার কিছুটা স্নায়ুচাপ কাজ করছে। খুব সম্ভবত আমাকে একটি ঘুমের ঔষধ নিয়ে বিছানায় ঘুমাতে যেতে হবে।’’

এদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি মনে করেন কনওয়ে যে রানই করুক না কেন সে স্বস্তিতে ঘুমাতে পারবে।

রনকি বলেন,”যত রান করেছে তাতে সে অনেক খুশি এবং সে এখনও ব্যাটিংয়ে আছে। সে রাতে ঘুমাতে পারবে এবং আগামীকাল আবার শুরু করবে (ব্যাটিং)। সে শুধুই ডেভন কনওয়ে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »