নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম টেস্টে বল হাতে বলতে গেলে একাই গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে। বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার কারণে প্রশংসা কুড়াচ্ছিলেন এবাদত হোসেন। তার বন্দনা বেড়ে গেল যখন ম্যাচ শেষে নিতে এলেন ম্যাচসেরার পুরস্কার।
বিমানবাহিনী থেকে উঠে আসা এই পেসার মাউন্ট মঙ্গানুই টেস্টে ম্যাচসেরার বক্তব্য দিয়ে মন কেড়েছে ক্রিকেট বিশ্বের। তার বন্দনায় মেতেছে বিশ্ব মিডিয়া। কোথাও এবাদতের এই বক্তব্যকে ম্যাচ পরবর্তী সেরা বক্তব্য বলে আখ্যায়িত করা হচ্ছে।
ম্যাচ শেষে এবাদত বলেন,’‘প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।’’
এবাদত আরও বলেন,”গত দুই বছরে ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখনো বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয় সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে। আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি, বাংলাদেশ ও বিমানবাহিনীকে প্রতিনিধিত্ব করাটাকেও।”
