দল ভালো করলে সমালোচনায় আপত্তি নেইঃ বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দল খারাপ করলে সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচক প্যানেলকে। জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার অবশ্য বলছেন, দল ভালো করলে সমালোচনা শুনতেও কোনো আপত্তি নেই তার।

বাশারের কাছে একমাত্র স্বস্তি দলের ভালো পারফরম্যান্স। বিশ্বকাপ থেকেই নির্বাচক প্যানেলকে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর সেই সমালোচনা আর নিন্দার বিষয়ে কথা বলতে চাইলে শুরুতে চুপ করে থাকতে চাইলেন বাশার।

তিনি বলেন,”আজকে বোধহয় উদযাপনের দিন। আজকে এসব আলোচনায় না যাই। আমি এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না।’’

তবে পরক্ষণেই নীরবতা ভেঙে বাশার জানালেন, দিনশেষে দলের সাফল্যই তার কাছে মুখ্য। আর তাই সমালোচকদের কড়া কড়া কথা আমলে নিচ্ছেন না সাবেক এই তারকা ক্রিকেটার।

বাশার বলেন,”দিনশেষে আমরা সবাই মানুষ। আমাদের সবারই আবেগ আছে। সবারই ভালো লাগা মন্দ লাগা আছে। আমাদের সবাইকেই আবেগ স্পর্শ করে। দিনশেষে আমরা সবাই চেষ্টা করি। আমরা তো সাপোর্টিং রোল প্লে করি। মাঠে খেলি না, খেলে খেলোয়াড়রা। আমাদের কাজ তাদের সাহায্য করা। সব শেষে একটাই চাওয়া থাকে দল যেন ভালো করে। এটা হলে আমার আর এসব কোনো কিছুতে সমস্যা নেই।’’

দুর্দান্ত এক জয়ে নির্বাচক বাশারের চাওয়া, বাংলাদেশের এই দাপুটে পারফরম্যান্স অব্যাহত থাকুক।

তিনি বলেন,’‘টেস্টে এটা বাংলাদেশের সেরা অর্জন। অনেক জায়গা ছিল যা এই ম্যাচে ঠিক হয়েছে। যদি জানতে চান কেমন লাগছে… আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। যেকোনো ম্যাচে টেনশন অনুভব করি। এই ম্যাচে কেন জানি টেনশনের মুহূর্ত আসেনি। তাই শুধু খুশি না, অনেক অনেক খুশি।ধারাবাহিকভাবে খেলতে হবে। শুধু এক ম্যাচে করলে হবে না। ধারাবাহিকতা থাকলে এমন ফলাফল আমরা সামনে আরও পাব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »