মিঠুনের ডাবল সেঞ্চুরি, শুভাগতর সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরির করছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটার মোহাম্মদ মিঠুন। একই দিনে সেঞ্চুরি করেছেন সেন্ট্রাল জোনের আরেক ব্যাটার শুভাগত হোম। এই দুইজনের ব্যাটে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে সেন্ট্রাল জোন। তৃতীয় দিনে শেষে বিসিবি সাউথ জোন দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে হাতে রেখে ৮ রানে পিছিয়ে আছে।

৪ উইকেটে ১৮৪ রানে প্রথম ইনিংসের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিঠুন ও শুভাগত আজও বেশ ভালোভাবেই শুরু করেন। ৬৭ রানে অপরাজিত থাকা শুভাগত দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে আগের দিনে ১০২ রানে অপরাজিত থাকা মিঠুন তার ইনিংসটাকে দেড়শ রানে পরিণত করেন। শুভাগত ১১৬ রান করে দলীয় ২৯৯ রানে আউট হলে ভাঙ্গে ২৮৩ রানের পঞ্চম উইকেট জুটি।

ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলীকে নিয়ে আরও ৭৫ রান যোগ করেন মিঠুন। দলের রানও সাড়ে তিনশ রান ছাড়ায়। চলতি বিসিএলে চট্টগ্রামে ডাবল সেঞ্চুরি মিস করলেও এবার আর ভুল করেননি জাতীয় দলের এই ব্যাটার। তুলে নেন দারুণ এক ডাবল সেঞ্চুরি। ২০৬ রান করে মিঠুন দলীয় ৩৭৪ রানে আউট হন। এরপর ফিফটি তুলে নেন জাকের। প্রথম ইনিংসে লিড সেন্ট্রাল জোনের স্কোর চারশ পেরোয়। ৫৩ রান করে দলীয় ৪১১ রানে আউট হন জাকের। রবিউল হক ৩৪ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হলে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ৪৩৮ রানে অলআউট হয়। সাউথ জোনের ফরহাদ রেজা ও কামরুল ইসলাম ৪টি এবং মেহেদি হাসান ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে দলীয় ৬ রানে এনামুল হকের উইকেট হারায় বিসিবি সাউথ জোন। এরপর পিনাক ঘোষ ও অমিত হাসান দিনের বাকিটা সময় পার করে দেন। তৃতীয় দিনে শেষে দ্বিতীয় ইনিংসে সাউথ জোনের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান। পিনাক ২২ ও অমিত ২০ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »