নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলে একটিতেও জিতেনি বাংলাদেশ দল। যার মধ্যে রয়েছে ৯টি টেস্ট। তবে দেশটিতে ১০ নম্বর টেস্ট খেলতে নেমে ইতিহাস বদলানোর দ্বারপ্রান্তে এখন মুমিনুল হকের দল। প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ।
চতুর্থ দিনের সেরা পারফর্মার পেসার ইবাদত হোসেনের চাওয়া, শেষ দিনে নিউজিল্যান্ডকে হারিয়ে বিদেশের মাটিতে জয়ের ধারা শুরু করুক বাংলাদেশ। যে জন্য অবশ্য পঞ্চম দিন অসম্ভব কিছু করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
মাউন্ট মঙ্গানুইয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) চতুর্থ দিনের খেলার শেষে ইবাদত বলেন,”এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে, বিদেশের মাটিতে জেতা শুরু করবে।’’
চতুর্থ দিন ইবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়েই চালকের আসনে রয়েছে বাংলাদেশ। ১৪৭ রান তুলতেই নিউজিল্যান্ড হারিয়ে বসেছে ৫ উইকেট। ইবাদত একাই নিয়েছেন ৪ উইকেট। ১৭ ওভারে ৪ মেডেন দিয়ে ৩৯ রান দেন। যা তার ক্যারিয়ার সেরা, এর আগে ৯১ রান দিয়ে নিয়েছিলে ৩ উইকেট।
টাইগার এই পেসার বলেন,’‘বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা সহায়ক থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি যে কিভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কিভাবে রিভার্স করা যায়। দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। আমরা এখনো শিখছি। আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি।”
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২৮, জবাবে বাংলাদেশ তোলে ৪৫৮ রান। ১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে কিউইরা। হাতে ৫ উইকেট নিয়ে লিড ১৭ রানের।
