মাউন্ট মঙ্গানুইতে ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে: হার্শা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাউন্ট মঙ্গানু টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছে মুমিনুল হকের দল। তাদের এমন পারফরম্যান্সে মুগ্ধ হার্শা ভোগলে। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের ধারণা মাউন্ট মঙ্গানুইতে ব্যতিক্রমী কিছু দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।

চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে কিউইদের লিড এখন ১৭ রান। তাই একপ্রকার বলাই যায়, শেষ দিনে এগিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ।

হার্শা টুইটে লেখেন,”মাউন্ট মঙ্গানুইতে ব্যতিক্রমী কিছু হতে চলেছে। বাংলাদেশের জন্য এটা বিশাল মুহূর্ত। ধৈর্যশীল ব্যাটিংয়ের পর এবং দুর্দান্ত পেস বোলিং।”

দ্বিতীয় ইনিংসে কিউইদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশি বোলাররা। দলীয় ২৯ রানে টম লাথামকে বোল্ড করে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এর পর কনওয়েকে ফেরান এবাদত হোসেন।

ইয়ং হাফ সেঞ্চুরি করে ফিরে গেলে আবারও চেপে ধরে টাইগার পেসাররা। তিন বলের ব্যবধানে ইয়ং এবং হেনরি নিকোলসকে বোল্ড করেন এবাদত। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »