নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব অর্পনের পর সেই কমিটি উদ্বেগজনক কিছু সমস্যা খুঁজে পেয়েছে।
বোর্ডের দেওয়া তদন্ত কমিটিতে ছিলেন বোর্ডের দুই শীর্ষস্থানীয় পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ। বর্তমান জালাল ইউনুস রয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব। নতুন ভূমিকায় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনিই জানালেন, বিশ্বকাপ ব্যর্থতার পেছনে রয়েছে কিছু ‘এলার্মিং’ কারণ।
জালাল বলেন,’‘শুধু আমি তদারকি করিনি, আমার সাথে আরও একজন টিম মেম্বার আছেন। তবে ওটা সম্পন্ন হয়েছে। রিপোর্ট বানানো শেষ। পরের বোর্ড মিটিংয়ে তোলা হবে। বোর্ড অনুমোদন দিলে জানাব।’’
তদন্ত কমিটি কোনো কারণ খুঁজে পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন,’‘কিছু তো খুঁজে পাওয়া গেছে। বোর্ড থেকে অনুমোদন হলে আপনারা জানবেন। কিছু কিছু জিনিস আছে। খুব কঠিন, এলার্মিং ২-১টা জিনিস আছে। সেগুলো ঠিক করতে হবে, তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। এমন নয় যে সমাধান করা যাবে না। সহজেই সমাধান করা যাবে। এগুলো করলে দেশের ক্রিকেটের মঙ্গল হবে।’’
সেসব সমস্যা কোচিং প্যানেল নিয়ে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন,’‘কোচ না শুধু, পুরো দল নিয়েই আছে। আমি নির্দিষ্ট করে বলব না। কোচরাও স্টেকহোল্ডার, খেলোয়াড়রাও স্টেকহোল্ডার। সব মিলিয়েই রিপোর্ট দিয়েছি।”
