বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ গিবসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাউন্ট মঙ্গুনুইতে দিনের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশকে দেড় সেশন হতাশায় ডুবিয়েছেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে জুটি। হাফ সেঞ্চুরির পর ইয়ং রান আউট হয়ে ফিরেছেন ৫২ রান করে।

এরপর শেষ সেশনে কনওয়ের উইকেটসহ তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। ফলে ২৫৮ রানে ৫ উইকেট নিয়ে স্বস্তিতে দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের পেস বোলিং কোচ দিন শেষে বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন।

গিবসন বলেন,”প্রথম ঘন্টায় আমরা দারুণ বোলিং করেছি। অনেকবার বল ব্যাটের পাশ দিয়ে গিয়েছে। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে ভালো খেলেছে। দিন শেষে খেলাটা সাম্যাবস্থায় আছে।’’

উপমহাদেশের উইকেটে সাধারণত ঘাস দেখা যায় না। এর ফলে দেশের পেসারদেরও পারফরম্যান্সের খুব বেশি সুযোগ হয়না। মাউন্ট মঙ্গুনুইতে পেস বান্ধব উইকেট পেয়ে শুরু থেকেই সুইং বোলিংয়ের সফলতা দেখিয়েছেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা। আবহাওয়া গরম থাকায় উইকেটের ভেজা ভাবটাও কেটে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। এটাই বাংলাদেশের পেসারদের সুবিধা দিয়েছে বলে মনে করেন গিবসন।

তিনি বলেন,’‘আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাব এই উইকেট। সেটা পেয়েছিও। আজ গরমও ছিল। যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষন ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »