বাংলাদেশ থেকে কোচ-ক্রিকেটার নিতে চায় যুক্তরাষ্ট্র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ থেকে কোচ ও ক্রিকেটার নিতে চায় ইউএসএ ক্রিকেট। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক আলোচনাও করেছেন।

কোচ বা ক্রিকেটারের পাশাপাশি বাংলাদেশ থেকে কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। একইসাথে দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বয়সভিত্তিক দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও আগ্রহ দেখিয়েছে দেশটি।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) বিসিবি কর্তাদের সাথে আলোচনার পর এসব তথ্য জানান তারেক। বাংলাদেশি বংশোদ্ভূত তারেক যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন,”১৯ থেকে ২৬ বছরের ক্রিকেটারদের নেয়া আমাদের প্রাথমিক লক্ষ্য। বাইরে থেকে ক্রিকেটার আনার পরে ৩০ মাস লাগবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে।’’

উন্মুখ চাঁদ, সামি আসলাম, কোরি অ্যান্ডারসনের মত অনেক ক্রিকেটার নিজ দেশের জাতীয় দলে উপেক্ষিত হওয়ার পর থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। এভাবে বাংলাদেশ থেকেও ঝরে পড়া ক্রিকেটারদের আশ্রয় দিতে চায় যুক্তরাষ্ট্র।

তারেক বলেন,”এটা কেবল শুরু হল। ভবিষ্যতে আরও গভীর হবে। আমরা নিয়মিত করতে চাই। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিস্তার ঘটলে বৈশ্বিক ক্রিকেটের জন্যই তা লাভজনক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের চাহিদা কীভাবে মেটাতে পারি, সেই ভাবনা মাথায় রেখে বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পর্ক। বিসিবি থেকে আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের পয়েন্টগুলো আলোচনা করেছি। বিসিবির খুব ব্যস্ত সূচি। তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তবে আমার মনে হয় ২০২৩ সালে সম্ভব। যদিও যুব দলের ক্ষেত্রে দ্রুতই সম্ভব। এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কথাবার্তা অনেক এগিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »