নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ও সবচেয়ে সফল ফরম্যাট ওয়ানডে। কিন্তু টি-২০-এর মিছিলে এই ফরম্যাটে বড় বিরতি পড়ে গেছে। চলতি বছরে ১২ ওয়ানডে খেলে আটটি জিতেছে বাংলাদেশ, হেরেছে চারটি। গত জুলাই মাসে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। পাঁচ মাস পর একদিবসী ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পরামর্শে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ানডে ভার্সন যোগ করে বিসিবি। লম্বা সময় বাইরে থাকায় ৫০ ওভারের ম্যাচে ক্রিকেটারদের চর্চা ধরে রাখতেই প্রধান নির্বাচক এই পরিকল্পনা করেছেন। নান্নুর চিন্তাকে স্বাগত জানিয়েছে বিসিবিও। তাই বিসিএলে যুক্ত হয়েছে ওয়ানডে টুর্নামেন্ট।
লংগার ভার্সনের মতো বিসিএল ওয়ানডেও সিঙ্গেল লিগ পদ্ধতিতেই হবে। গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে জানা গেছে, চার দলের টুর্নামেন্টে মোট ম্যাচ হবে চারটি। ৯, ১১, ১৩ জানুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। পরে ১৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।
গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, বিসিএল ওয়ানডেতে খেলবেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তিনজনই বিপিএলের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা বর্তমানে টানা অনুশীলনও করছেন। আঙুলের ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফেরা তামিম বিসিএল ওয়ানডেতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন। গতকাল দলটির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে অধিনায়ককে রিটেইন করেছে দলটি। মাহমুদউল্লাহকে দেখা যাবে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামতে। চার দিনের ম্যাচ না খেললেও নিয়মিত অনুশীলন করছেন টি-২০ অধিনায়ক।
কাটার মাস্টার মুস্তাফিজ খেলবেন বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের শেষ ম্যাচে মেরুদণ্ডে পাওয়া চোটের কারণে খেলেননি মুস্তাফিজ। ইনজুরি থেকে সেরে উঠে টানা বোলিং অনুশীলন করছেন তিনিও।
