নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইতিমধ্যে করোনা নেগেটিভ হয়ে জাতীয় দলে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। করোনা পজিটিভ হওয়ায় দীর্ঘসময় আইসোলেশনে থাকতে হয় তাকে। করোনা নেগেটিভ হওয়ায় আইসোলেশন শেষে দলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগারদের এই কোচ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শুরুর আগে থেকেই জৈব সুরক্ষা বলয়ে ছিলেন হেরাথ। পাকিস্তান সিরিজ শেষে নিউজিল্যান্ডে ফাঁড়ি দিয়ে সেখানেও ছিলেন কোয়ারেন্টিনে। পর্যাপ্ত সাবধানতার পরও করোনায় আক্রান্ত হন তিনি। নিউজিল্যান্ডে যাওয়ার সময় বাংলাদেশ দলের ৯ সদস্য ছিলেন এক করোনা পজিটিভ যাত্রীর সংস্পর্শে। এরপর হেরাথ, অধিনায়ক মুমিনুল হক, নির্বাচক আব্দুর রাজ্জাকসহ ঐ ৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে নিয়মমাফিক করোনা পরীক্ষায় হেরাথের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে তিনি নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের অধীনে আইসোলেশনে চলে যান।
হেরাথ বলেন, ‘আজ আমাকে এমকিউআই সুবিধা থেকে ছাড়পত্র দিয়েছে। আসলে দুই দিন আগেই দিয়েছিল। আজ দলের সাথে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। একইসাথে, খুব কঠিন দুটি সপ্তাহ পার করেছি। তবে দলের সাথে ফিরতে পেরে এখন আমি খুশি।’
করোনামুক্ত হওয়ার পর স্পিন কোচের পূর্ণ মনোযোগ এখন টেস্ট সিরিজে। হেরাথ আরও বলেন, ‘আমি এখন সিরিজ নিয়ে মুখিয়ে আছি। আমার প্রতি যত্নআত্মির জন্য বিসিবি ও নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ দিতে হবে।’
