নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় বিরাট কোহলিরা।
বিশ্বকাপের পর এবার এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে হারল ভারত। বিশ্বকাপে ভারতের মূল দল হারলেও এশিয়া কাপে হারল ভারতের যুব দল।
শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪১ রানে ৪ উইকেট হারানো ভারতীয় যুব দল শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৩৭ রানে অলআউট হয়।
টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ শেহজাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ১০৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন শেহজাদ।
ইনিংসের শেষদিকে দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আহমেদ খান। তিনি মাত্র ১৯ বল মোকাবেলা করে ৩টি চার ও এক ছক্কায় অপরাজিত ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।
