নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক যুগ পার করে ফেললেও এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খুঁজছে একজন লেগ স্পিনারকে। একাধিক ক্রিকেটারকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেও এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো লেগ স্পিনার খুঁজে পাইনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জুবায়ের হোসেন লিখন, তানভীর হায়দার যারা এসেছেন তারা জাতীয় দলে ব্যর্থ হয়েছেন। আমিনুল ইসলাম বিপ্লবকে দিয়ে মাঝে চেষ্টা চালিয়েও আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ।
অলক কাপালি। জেনুইন লেগ স্পিনার না হয়েও ৩৭ বছর বয়সে এসেও এখনো লেগ-স্পিন ভেলকি দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে প্রথম হ্যাট্রিকের স্বাদ উপহার দেওয়া এই ক্রিকেটার। ব্যাট হাতে জেনুইন এই ব্যাটসম্যান, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত লেগ স্পিন করেন, এবং বল হাতে অন্য সব লেগ স্পিনারদের চেয়ে নিয়মিত ভাল করে আসছেন।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও অলক কাপালি ছিলেন বল হাতে উজ্জ্বল। কাপালির সর্বশেষ ঢাকা
প্রিমিয়ার লিগের বোলিং পারফরম্যান্স ও ইকোনমির দিকে তাকালে এমনটাই দেখা যায়। ৭ ইনিংস বল করে ২ ইনিংস ব্যাতিত, উইকেট নিয়েছেন বাকী সব ম্যাচেই।বল হাতে ইকোনমি রেট আরো বেশি উজ্জ্বল। অলক কাপালি’র ইকোনমি রেটটা হতে পারে অন্য বাকী সব লেগ স্পিনারদের জন্য শিক্ষনীয়। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতি ওভারে ৬ এর নিচে রান দেওয়াটা যেকোনো বোলারের জন্য অনেক বড় ব্যাপার, আর সেখানে যদি একজন লেগ স্পিনার নিয়মিত ধারাবাহিক ভাবে এই ফরম্যাটে এমন ইকোনমিতে পারফর্ম করে যায় তাহলে তো আর কথাই নেই। এতকিছুর পরও লেগ স্পিনার অলক কাপালিকে নিয়ে তেমন কোন পরিকল্পনাই চোখে পড়েনা ম্যানেজমেন্টের।
লেগ স্পিনার সঙ্কট গোছাতে অন্য যেসকল লেগ স্পিনারদের উপর ম্যানেজমেন্টের লাইমলাইট থাকে সবসময়, বিচার বিশ্লেষণ করলে দেখা যায় তাদের সবার চেয়ে বল হাতে এগিয়ে এই লেগ স্পিন অলরাউন্ডার, তবুও কোন এক অজানা কারনে পরিকল্পনাতেই রাখা হয়না এই অলরাউন্ডারকে।
বাংলাদেশ ক্রিকেটের জন্য একজন লেগ স্পিনারের আকাঙ্খা অনেকটা সোনার হরিণের মতো। যেখানে নেপাল,আফগানিস্তানের মতো দেশ গুলো রশিদ খান,লামিচানের মতো লেগ স্পিনার বিশ্ব মঞ্চে তুলে ধরেছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট এখনো অপেক্ষায় রয়েছে কবে আসবে একজন লেগি। অলক কাপালিদের মতো লেগিদের পারফরম্যান্স আড়ালেই থেকে যায় বলে একজন লেগ স্পিনারের আক্ষেপটা আর শেষ হয়না।
বাংলাদেশের হয়ে সর্বপ্রথম হ্যাটট্রিক করা এই লেগ স্পিনার ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্স হয়ে খেলছেন। সেই আসরে দ্বিতীয় ধাপে এসে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন। বল আর ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করছেন এই অলরাউন্ডার।৮ ইনিংসে ৮৩ রানের পাশাপাশি তিনি তুলে নিয়েছেন ১১টি উইকেট।
ঘরোয়া লিগে ব্যাট-বল উভয় হাতে নিয়মিত ধারাবাহিক পারফরম্যান্স করেও আড়ালেই থেকে যায় অলক কাপালিরা। ঘরোয়া লিগে লেগ স্পিনারদের মধ্যে বল হাতে উজ্জ্বল অলক কাপালি থাকতে কেন লেগ স্পিনার খুঁজে চলেছে বাংলাদেশ? অভিজ্ঞ এই লেগ স্পিন অলরাউন্ডারকে কি বাকীদের মতো সুযোগ দেওয়া যায়না?
