আমার উদ্দেশ্য ক্রিকেটকে সঠিক পথে দেখা: জালাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট সংগঠক জালাল ইউনুস। দায়িত্ব পেয়েই দেশের ক্রিকেটকে সঠিক পথ দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে জালালের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন দায়িত্ব পেয়ে বোর্ড সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি।

তিনি বলেন,’‘অসংখ্য ধন্যবাদ বোর্ড সভাপতিকে, উনি আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে মিডিয়া থেকে ছাড়তে চাননি, বলেছেন মিডিয়ায় থাকতে হবে। তাই ভাইস চেয়ারম্যান হিসেবে রেখেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স খুবই শক্ত একটা কমিটি। এখানে অনেক গুরুদায়িত্ব। আমি সবার সমর্থন আশা করি।’’

দেশের ক্রিকেটের বর্তমান সময়কে ‘ক্রান্তিকাল’ আখ্যায়িত করে জালাল বলেছেন, নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তিনি।

জালালা বলেন,’‘সাবেক ক্রিকেটার বলে হয়ত আমার এখানে আমার টেকনিক্যালি কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে অনেক বিষয় আছে। এখন ক্রিকেটের একটা ক্রান্তিকাল চলছে আমরা সবাই জানি। তবুও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করব। কোনো মানুষই শতভাগ পারফেক্ট না। সবারই ভুল থাকে, হয়ত আমিও ভুল করতে পারি। এখন ক্রিকেটের উন্নতির জন্য যা কিছু করার দরকার তা করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য হল ক্রিকেটকে সঠিক পথে দেখা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »