নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বৈরী কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য সবসময় কঠিন। তার ওপর এবার নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল। মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন দলের বিপক্ষে তাদের আঙিনায় খেলার চ্যালেঞ্জ টের পাচ্ছেন মুমিনুল হকরা। তবে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় বৃহস্পতিবার বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘নিউজিল্যান্ডে তিনদিন কয়েকটি ভালো সেশন হয়েছে আমাদের। আমরা অনেকেই স্টিক (আর্ম থ্রোয়ার) নিয়ে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করছি।’
প্রিন্স বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ভালো মনে হচ্ছে। ওরা এখানে ব্যাটিং উপভোগ করবে। লিংকন ইউনিভার্সিটি মাঠের অনুশীলন পিচগুলো খুবই ভালো। বাউন্স সমান। ছেলেরা স্বস্তি পাচ্ছে যে, এই বাউন্সে ভরসা রাখা যায়। কিছুটা সিম মুভমেন্ট থাকবে।
সেটা প্রত্যাশিত।’ দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। প্রিন্স বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালো। ট্রেনিং ভালো হচ্ছে। প্রথম টেস্টের আগে আরও ৭-৮ দিন সময় আছে। আস্তে আস্তে আমরা উন্নতি করতে চাইব। আশা করি, সময়মতো চূড়ায় পৌঁছব।’
