নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অংশ নিতে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা ব্যক্ত করেছে জুনিয়র টাইগাররা। ২০২০ সালে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন দলটির মত এবারের দলটি ভালো প্রস্তুতি নিতে পারেনি।
করোনা পরিস্থিতির কারনে অবশ্য এবারের প্রস্তুতিকে যথেষ্ট বলে মনে করছেন বিশ্বকাপজয়ী স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল, যিনি এবারের দলের ব্যাটিং ইউনিটের বড় ভরসা। নাবিল বলেন, ‘বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এশিয়া কাপের মত টুর্নামেন্ট সহায়ক হবে। এশিয়া কাপে ভালো ভালো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারব। আর এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর চেষ্টা করব।’
নাবিল জানালেন, বিশ্বকাপজয়ী দলের সাথে যেন বর্তমান দলটিকে তুলনা করা না হয়। অন্যান্য দলগুলোর তুলনায় এবার বাংলাদেশের প্রস্তুতি ভালো বলেও মনে করেন তিনি।
নাবিল আরও বলেন, ‘গত এক-দেড় বছরে আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আগের ব্যাচের সাথে তুলনা করার সুযোগ নেই। কারণ দুটি দলের পরিস্থিতি দুরকম। বিশ্বের বাকি যুব দলগুলো যেরকম প্রস্তুতি নিয়েছে তার তুলনায় আমরা বিসিবি থেকে অনেক বেশি সুবিধা পেয়েছি। এই সুবিধা আমরা বিশ্বকাপে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ্। ভালো কিছু হবে, আমরা খুবই আশাবাদী।’ আরেক যুবা ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি মনোযোগ রাখছেন এশিয়া কাপে। বিশ্বকাপ জিতলেও কখনও এশিয়া কাপ জেতা হয়নি বাংলাদেশের যুবাদের। এবার তাই ঘোচাতে চান এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের আক্ষেপটাও।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা টেকনিক্যালি অনেক উন্নতি করেছি। ইনশাআল্লাহ্, এশিয়া কাপ ও বিশ্বকাপে আমরা এর প্রতিফলন দেখাতে পারব। আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। ইনশাআল্লাহ্ এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হবো। আগে কখনই চ্যাম্পিয়ন হতে পারিনি। সবার অনেক বিশ্বাস আছে, চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ্।’
