নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই মাস পার হয়ে গেলেও এখন অব্দি মুক্তি মেলেনি ভারতের কাস্মীরের কলেজ ছাত্র শওকত আহমেদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর, পাকিস্তান দল ও বাবর আজমের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস এপে বন্ধুদের ম্যাসেজ করেছিলেন তিনি। ভারতীয় অধিবাসী হয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ায় অপরাধে গত ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারের ২ মাস পার হয়ে গেলেও শওকতের ঠিকানা এখনো কাস্মীরের জেল হাজতে। বিবিসির একটি প্রতিবেদনে জানা গেছে গত দুই মাসে কোন আইনজীবীও শওকতের পক্ষে দাঁড়াতে রাজী হয়নি।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের কোন মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়লাভ করে পাকিস্তান। ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তান দলের প্রশংসা করে বন্ধুদের উদ্দেশ্যে হোয়াটস এপ গ্রুপ চ্যাটে ম্যাসেজ দেয় শওকত। একজন ভারতীয় হয়ে ভারতের হারের পর প্রতিপক্ষ দলের প্রশংসা করার জন্য গ্রেপ্তার করা হয় এই কলেজ ছাত্রকে।
এক সাক্ষাৎকারে আহমেদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দুই মাস ধরে আমরা ঠিকমতো খাওয়াদাওয়া করিনি। প্রতিটা দিন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ছেলের জন্য আমার হৃদয়টা জ্বলছে।
শওকতের বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয় ভারতকে হারানোর পর শওকত তার কলেজ ক্যাম্পাসে পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছিল। অথচ শওকতের কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী জানা যায় কলেজ ক্যাম্পাসে স্লোগানের কোন ঘটনাই ঘটেনি।
