বিপিএলে যে কোন দলের হয়ে খেলতে আগ্রহী তামিম ইকবাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি ওপেনার তামিম ইকবালের। যেকোনো ফ্রাঞ্চাইজি তাকে দলভুক্ত করতে পারবে। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

আগামী জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তামিম এই আসরে দলটির হয়ে খেলবেন। এবং তামিমকে নিশ্চিত ধরেই দল গোছানোর পরিকল্পনা শুরু করে কুমিল্লার টিম কতৃপক্ষ। তবে এবার তামিম জানালেন, কুমিল্লায় খেলার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। যেকোনো দল নিয়ম অনুযায়ী তাকে দলে ভেড়ানোর সুযোগ পাবে।

তামিম বলেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলব এমন কথা গণমাধ্যমেই শুনেছি। কুমিল্লার সাথে এ বিষয়ে কোনো আলাপ এখনও চূড়ান্ত হয়নি। আমি এখনও ওপেন, যেকোনো দলের হয়ে বিপিএল খেলতে পারি।’

উল্লেখ্য যে, বিপিএলের এবারের আসরেও তামিম খেলবেন আইকন ক্রিকেটার হিসেবে। তামিম ছাড়াও মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান পাবেন আইকন ক্রিকেটারের মর্যাদা। মোট ৬টি দল অংশ নেবে এবারের বিপিএলে।তামিম নিশ্চিত না হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে ৩ বিদেশি ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। তারা হলেন- ফাফ ডু প্লেসিস, মঈন আলী ও সুনীল নারাইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »