নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডে বাংলাদেশ দল কঠিন এক সময় পার করছে। কারণ ওমিক্রনের জন্য নিউজিল্যান্ড সরকারের কঠোর বিধিনিষেধে টানা কোয়ারেন্টিনে সময় কাটাতে হচ্ছে টাইগারদের। এমন পরিস্থিতিতে একটু দেখা কিংবা কথা বলার সুযোগই যেন রাজ্যের স্বস্তি এনে দিচ্ছে ক্রিকেটারদের।
অনুশীলনের অনুমতি পেয়েও নতুন করে আবারও কোয়ারেন্টিনে যেতে হয়েছে ক্রিকেটারদের। তবে এখন তারা নিরাপদ দূরত্ব মেনে হোটেল লবিতে দেখা করা বা কথা বলার সুযোগ পাচ্ছেন। এতে ক্রিকেটাররা কতটা হাঁফ ছেড়ে বাঁচলেন, তা স্পষ্ট তরুণ পেসার শরিফুলের ইসলামের ভাষ্যে।
শরিফুল বলেন,’‘আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। এই দফার করোনা টেস্টে নেগেটিভ এলে ক্রিকেটারদের অনুশীলনে নামতে আর কোনো বাধা থাকবে না। মাঠে ফিরতে মরিয়া শরিফুল তাই দোয়া চাইলেন সবার কাছে, ‘আমরা অনেকদিন ধরে কাজ করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’’
আগেরবারের মত এবারের নিউজিল্যান্ড সফরেও ক্রিকেটারদের পৃথক গ্রুপে ভাগ করে রাখা হয়েছে। একেক গ্রুপের সবাই এখন পরস্পরের সাথে দেখা করতে পারছেন, কথা বলতে পারছেন। তাতে উচ্ছ্বাস ঠিকরে পড়ছে শরিফুলের।
শরিফুল বলেন,’‘আমরা আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে- একজন আরেকজনের চেহারা দেখলে।’’
শরিফুলের প্রত্যাশা, কখনও নিউজিল্যান্ডে জয় না পাওয়া টাইগাররা এবার ভালো কিছু করে দেখাবে। তিনি বলেন,’‘এবার ভালোকিছুর জন্য প্রত্যাশা করছি সবাই। ইনশাআল্লাহ্ এবার করে দেখাব ইনশাআল্লাহ্।’’
