নিউজিল্যান্ডে কঠিন সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কোয়ারেন্টিন আর জৈব সুরক্ষা বলয়ের কারণে নিউজিল্যান্ডে কঠিন সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে স্বস্তিতে নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বিশ্বকাপ থেকেই ক্রিকেটাররা টানা জৈব সুরক্ষা বলয়ে আছেন। দ্রুতই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। কিন্তু সেখানে কোয়ারেন্টিনের ঝামেলায় পড়েছে টাইগাররা। এতে ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ফিটনেস নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

পাপন বলেন,’‘আমাদের খেলোয়াড়রা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওরা টানা কোয়ারেন্টিনে আছে। সূচি অনুযায়ী যেদিন আসার কথা সেদিন আসলেও, তার ৪-৫ দিন পর বিপিএলের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। যেদিন বিপিএল শেষ হওয়ার কথা সেদিন আবার আফগানিস্তান আসবে বাংলাদেশে। মানে আবার বায়োবাবল। এই সিরিজ শেষ করার ৪-৫ দিন পরই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়।’’

ক্রিকেটারদের অনেকে নাকি সিরিজ না খেলে দেশে ফেরার আকুতিও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বলে জানান বিসিবি সভাপতি।

পাপন আরও বলেন,’‘এই জিনিস ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টানা চলবে। কোনো বিরতিই দেওয়া যাচ্ছে না। মানসিক ও শারীরিকভাবে তারা একেবারেই ক্লান্ত। অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কি না, সিরিজ বাদ দেওয়া যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই।’’

নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাংলাদেশ দলকে তড়িঘড়ি করে নিউজিল্যান্ডে পাঠানো হয়, সিরিজ শুরুর প্রায় মাসখানেক আগে। তবে বিষয়টি এখন খেলোয়াড়দের জন্য অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাপন জানান,’‘কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্যই আগেভাগে পাঠিয়েছিলাম। একে তো নিউজিল্যান্ড, এর মধ্যে এত শর্ত। এই কন্ডিশনে ওদের খেলাটা কঠিন। ছেলেরা মানসিক ও শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের কাজ হবে ওদের উদ্বুদ্ধ করা। দলের প্রত্যেকের জন্য খুব খারাপ লাগছে। খুবন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »