নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে (বিপিএল) বরিশালের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সতীর্থ হিসাবে খেলবেন টি টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয় তারকা আন্দ্রে রাসেল। প্লেয়ার্স ড্রাফটের আগেই রাসেলের সাথে কথাবার্তা পাকাপোক্ত করেছে বরিশাল।
রাসেলের নেতৃত্বেই সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। বিগত আসরে রাজশাহী দলের ত্রাতার রূপ নিয়েছিলেন। যদিও, রাজশাহী এবার বিপিএলে নেই। বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক তাই বিপিএলে খেলবেন বরিশালের হয়ে। সাকিব ও রাসেলকে তাই আবারও একই দলে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুজনে একসঙ্গে খেলেছেন অনেক ম্যাচ। বরিশালের হয়ে সাকিব-রাসেলের রসায়ন কেমন জমে, তা-ই এবার দেখার বিষয়।
সাকিব ও রাসেলের সাথে ইংলিশ তারকা স্যাম বিলিংসকেও দলভুক্তি চূড়ান্ত করেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন গ্রুপ। তথ্যগুলো নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
রাসেল এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছেন। ৪৪ ম্যাচে ৭৫১ রান আছে তার, যেখানে গড় ৩৫ ও স্ট্রাইক রেট ১৬৫। বিলিংস অবশ্য এবারই প্রথম অংশ নেবেন। তাকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রামও। যদিও শেষপর্যন্ত নাম লিখিয়েছেন বরিশালে।একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়ানোয় এ বছর বিপিএলে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। তবে দলগুলো ড্রাফটের আগেই স্বস্তির খবর এনে দিচ্ছে সমর্থকদের।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটসহ অষ্টম আসরের আদ্যোপান্ত জানানো হবে শনিবার (১৭ ডিসেম্বর)। আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের তালিকা, ফ্র্যাঞ্চাইজিদের মালিকানাসহ বেশ কিছু তথ্য জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
