নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে দলে থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। সম্প্রতি রানের দেখা পেলেও মিঠুনের স্বীকারোক্তি- তার ব্যাটিংয়ে অনেক উন্নতির প্রয়োজন।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাঁকে নিজেকে আরও ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।
তবে ব্যাটিংয়ের ঠিক কোন বিষয় নিয়ে কাজ করছেন তা খোলাসা করতে রাজি হননি মিঠুন।
তিনি বলেন,”আমি খেলোয়াড় হিসেবে স্কিলে উন্নতি করতে চাই। যেহেতু আমি ব্যাটার হিসেবে দলে ভূমিকা রাখি, তাই ব্যাটিংয়ে অনেক উন্নতি করা প্রয়োজন। আমি কোন জায়গা নিয়ে কাজ করছি এটা তো আসলে আমার কোচের কথা। আমি যে কোচের অধীনে কাজ করি তার সাথে এসব নিয়ে আলোচনা করি।’’
মিঠুন দলে ফিরবেন কি না তা নিয়ে ভাবতে নারাজ। নিজের মত পারফর্ম করে যেতে চান, দলের চাহিদা মেটানোর ভাবনায়।
মিঠুন বলেন,”এটা তো আমার চিন্তার বিষয় না যে আমি ফিরব কি না। খেলোয়াড় হিসেবে প্রতিদিন উন্নতি করতে চাই। নিজেকে আরও ভালো খেলোয়াড় করে তুলতে চাই। কোথায় যাব না যাব সেটা নির্ভর করছে পারফরম্যান্স কেমন হচ্ছে বা দলের চাহিদা কী এর ওপর।”
