নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবারের বিশ্বকাপে ক্ষুদে টাইগাররা খেলবে রাকিবুল হাসানের নেতৃত্বে, যিনি গত বিশ্বকাপে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন।
যদিও গতবারের মত এবারও শিরোপা নিয়ে না ভেবে বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপের জন্য ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় দল- জানিয়েছেন রাকিবুল।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন,’‘শিরোপা ধরে রাখার ব্যাপারে আমরা এখনও ভাবছি না। গতবার খুব ভালো ক্রিকেট খেলেছি, এজন্যই চ্যাম্পিয়ন হয়েছি। এবারও বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ রাখছি। আত্মবিশ্বাস ও প্রস্তুতি ভালো দেখেই ভারতের বিপক্ষে ভালো করেছি। দোয়া করবেন যেন বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারি।’’
রাকিবুল অবশ্য জানিয়েছেন, দলের প্রস্তুতি ও আত্মবিশ্বাস ভালো রয়েছে। নিজেদের সর্বশেষ সিরিজে ভারতীয় যুবাদের বিপক্ষে অপরাজিত থেকে শিরোপা জেতা বাংলাদেশ এশিয়া কাপ ধরেই এগোতে চায়।
রাকিবুল বলেন,’‘দল নিয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। গত ২-৩ মাসে কয়েকটি সিরিজ খেলেছি। সর্বশেষ সিরিজে খুব ভালো করেছি। দল হিসেবে গুছিয়ে নিচ্ছি, সবাই ভালো পারফরম্যান্স করছি। আশাবাদী- এশিয়া কাপে ভালো করব। এশিয়া কাপ ও বিগত দুই-তিন সিরিজের অভিজ্ঞতায় বিশ্বকাপে ভালো করার চেষ্টা করব।”
