নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ড পরিচালক আকরাম খান আশাপ্রকাশ করেছেন, আগামী দিনে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে এবং সাফল্য ফিরে পাবে। দেশের ক্রিকেটের উন্নতির পেছনে স্বাধীনতা যুদ্ধের আত্মত্যাগকারীদের অবদানও স্বীকার করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫০ বছরে মিরপুরে আয়োজিত হয় বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন আকরাম।
তিনি বলেন,’‘সত্যি বললে ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। বিশ্বে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চিনে। এটা আমাদের জন্য অনেক কিছু।’’
মহান মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের কারণেই ক্রিকেটসহ সব ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের কিংবদন্তি আকরাম তাই বীরদের অবদান তুলে ধরলেন গর্বের সাথে।
তিনি বলেন,’‘যাঁদের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের আবারও স্মরণ করছি। তাঁরা না থাকলে মাশরাফি, আশরাফুল, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ ওদের মত ভালো খেলোয়াড় পেতাম না। ক্রিকেটে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেভাবে আশা ছিল সেভাবে এগোতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো হবে।”
