নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিরোধের জের ধরে অধিনায়কত্ব ‘হারিয়েছেন’ জ্ঞানেন্দ্র মাল্লা। তার স্থলাভিষিক্ত হয়েছেন লেগ স্পিনার সন্দীপ লামিছানে।
চুক্তি নিয়ে চলমান বিরোধের কারণে নেতৃত্ব থেকে মাল্লা ও তার ডেপুটি দীপেন্দ্র সিংকে সরিয়ে দিয়েছে নেপাল।
৩১ বছর বয়সী মাল্লা গত সেপ্টেম্বরে ওমান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে টানা দুটি অর্ধশতক করেন।
লামিছানে বর্তমানে বিগ ব্যাশ লিগে খেলছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চেনা মুখ তিনি। খেলেছেন আইপিএল, বিপিএল সহ বেশ কয়েকটি লিগে।
২১ বছর বয়সী এই স্পিনার এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ ও পরের বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লামিছানের। চলতি বছর নেপালের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংস ইলেভেন দলের অধিনায়ক ছিলেন তিনি।
