নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবার দীর্ঘ মেয়াদে দলে বেড়ায় সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে। আগামী এক বছর শ্রীলঙ্কার ‘পরামর্শক কোচ’ হিসেবে কাজ করবেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর আগেও জয়াবর্ধনেকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও, সেটি ছিল স্বল্প মেয়াদে। কেবল বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিয়েছিলেন জয়াবর্ধনে। প্রথম পর্ব শেষেই তিনি দল ছেড়েছিলেন।
প্রথম পর্বের সবগুলো ম্যাচেই জয় পেয়েছিল লঙ্কানরা।জয়াবর্ধনের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতোমধ্যে অন্যতম সেরা কোচও তিনি। তার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএল ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), দ্য হান্ড্রেড এবং ইংল্যান্ড জাতীয় দলের সাথে কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে জয়াবর্ধনের।
ক্রিকেট ক্যারিয়ারে সাফল্যের পর কোচ হিসেবেও বেশ সফল জয়াবর্ধনে। দেশের এই কিংবদন্তি ক্রিকেটারের অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগিয়ে দেওয়ার সুযোগ তাই লুফে নিয়েছে শ্রীলঙ্কা। এক বছরের জন্য জয়াবর্ধনেকে দলের পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন জয়াবর্ধনে। বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের সাথে চুক্তিবদ্ধ আছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের সাথে স্বল্প মেয়াদের চুক্তির সময়েই একইসাথে অনূর্ধ্ব ১৯ দলের এই চুক্তিও করা হয়েছিল। যুব বিশ্বকাপ পর্যন্ত অবশ্য তরুণ ক্রিকেটারদের নিয়েও কাজ চালিয়ে যাবেন এই সাবেক ব্যাটার।
নতুন দায়িত্ব পাওয়ার পরে জয়াবর্ধনে বলেন, “অনূর্ধ্ব ১৯ ও ‘এ’ দলসহ আমাদের বিভিন্ন দলের ক্রিকেটার ও কোচদের সাথে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই দারুণ কিছুই হবে। শ্রীলঙ্কার সম্ভাবনাময় ক্রিকেটারদের সহায়তা করতে চাই। শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে আমি খুবই আশ্বান্বিত ও আগ্রহী। আমি বিশ্বাস করি, সবাই একসাথে কাজ করলে ও সহায়তা করলে দলের উন্নতি হবে এবং তা ভবিষ্যতে আমাদের আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে।”
