হোয়াইটওয়াশ হতে পারে ইংল্যান্ডঃ পন্টিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্পোর্টিং উইকেটের সঙ্গে ব্রিজবেনে অনেকটা ইংলিশ কন্ডিশন পেয়েও কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। রিকি পন্টিংয়ের মতে, দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেছে সফরকারীরা। তাদের জন্য সামনে আরেকটি ভালো সুযোগ হতে পারে অ্যাডিলেইডের দিবা-রাত্রির টেস্ট। এখানেও ব্যর্থ হলে ২০০৬-০৭ মৌসুমের পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বললেন, সিরিজের পরের ম্যাচগুলোতে স্বাগতিকদের অনুকূলে থাকবে কন্ডিশন।

“কন্ডিশন এখন অস্ট্রেলিয়ার জন্য ক্রমেই সহায়ক হতে থাকবে। (ব্রিজবেনের) কন্ডিশন ইংল্যান্ডের মতোই ছিল। অনেক গতি ও বাউন্স ছিল। তবে তাদের বোলিংয়ের বিষয়টি বিবেচনায় নিলে, সম্ভবত তারা পুরো সিরিজে অন্য কোথাও এমন মুভমেন্ট পাবে না।”

আগামী বৃহস্পতিবার অ্যাডিলেইডে শুরু হবে দিবা-রাত্রির টেস্ট। ফ্লাড লাইটের নিচে গোলাপি বলের সুইংয়ের সুবিধা নিতে পারে ইংলিশ বোলাররা। অ্যাশেজের সবশেষ অ্যাডিলেইডে টেস্টেও ভালো করেছিল ইংল্যান্ড। ২০১৭-১৮ মৌসুমের ওই ম্যাচে যদিও ১২০ রানে হেরেছিল সফরকারীরা।

পন্টিং মনে করছেন, কেবল এই সুযোগটিই আছে ইংলিশদের সামনে। অ্যাডিলেইডেও হারলে তাদের হোয়াইটওয়াশড হওয়া ছাড়া বিকল্প কিছু দেখছেন না অস্ট্রেলিয়ার সফল অধিনায়কদের একজন।

“গত সফরে অ্যাডিলেইডে লাইটের নিচে তাদেরকে সত্যিই ভালো বল করতে দেখা গেছে, যেখানে সবকিছুই ঠিকঠাক ছিল।…অন্য সময় যখন আমরা অ্যাডিলেইডে খেলেছিলাম, গোলাপি বল তেমন কিছুই করেনি, নতুন কিংবা পুরনো কোনো বলেই নয়। তারা যদি অ্যাডিলেইডে না জেতে, তাহলে ‘০৬-০৭’ মৌসুমের পুনরাবৃত্তি হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »