নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সামনে আরেকটি বিশ্বকাপ, এই আসরকে সামনে রেখে যদিও গতবারের মত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি টাইগার জুনিয়রদের। তবে করোনাকালে যতটুকু প্রস্তুতি নিয়েছেন তাতেই সন্তুষ্ট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ।
সদ্য ভারতীয় যুবাদের বিপক্ষে অপরাজিত থেকে ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জয় করে টাইগাররা। ফাইনালে বাংলাদেশকে পুরস্কৃত করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সময়ে বাংলাদেশের ক্রিকেটার-কোচদের সাথে খানিকটা খুশি মনেই কথা বলেছেন সৌরভ।
কী কথা হল সৌরভের সাথে, জানতে চাইলে নাভিদ জানান- সৌরভরা বাংলাদেশের ব্র্যান্ড অব ক্রিকেটে প্রকাশ করেছেন আগ্রহ। নাভিদ বলেন, ‘নির্দিষ্ট কিছু না। তবে ভারতে, বিশেষত কলকাতায় আমাদের খেলোয়াড়দের প্রশংসা হয়েছে। তারা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটে আগ্রহী। সেটা বলেছে- দলটিকে খুব পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছি, এটা দেখা দারুণ। হয়ত শতভাগ নয়, তবে ৭০-৮০ ভাগ যেতে পারলেও মন্দ নয়।’
গত আসরের আগে যুব দল টানা খেলার মধ্যে ছিল, যা প্রভাব রেখেছিল বিশ্বজয়ে। এবার ঠিকমত অনুশীলনের সুযোগও মেলেনি করোনার কারণে। তবে যতটুক প্রস্তুতি হয়েছে কিংবা আসন্ন এশিয়া কাপ দিয়ে যতটুকু প্রস্তুতি হবে, নাভিদ তাতে সন্তুষ্ট।
তিনি বলেন, ‘এবার আমাদের প্রস্তুতি খুব সংক্ষিপ্ত। ক্যাম্পে বেশি সময় পাইনি। ত্রিদলীয় সিরিজ আয়োজন করে বিসিবি খুব ভালো করেছে। এশিয়া কাপ শেষ হতে হতে ছেলেদের কুড়িটির মত ম্যাচ খেলা হয়ে যাবে। এখন যে পরিস্থিতি, এটুকুই করার ছিল। সব দেশের জন্যই একই চিত্র। তাই আমি বেশি চিন্তিত নই। এখন সময়টাকে কাজে লাগানো নিয়ে ভাবছি।’
