নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড সফরে ক্রিকেটাররা দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। রুমে একা একা কোয়ারেন্টিন কঠিন হলেও দেশের জন্য এই কঠিনকে মেনে নিতে আপত্তি নেই তার।
বিশ্বের বেশিরভাগ দেশে করোনাবিধি অনেকটা শিথিল করা হলেও নিউজিল্যান্ড এখনও বেশিই সতর্ক। তাই এই সফরের শুরুতে বাংলাদেশকে ৭ দিন রুম কোয়ারেন্টিন করতে হবে। কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ থাকা সাপেক্ষে ক্রিকেটাররা নেমে যাবেন অনুশীলনে।
তার আগে সব ক্রিকেটার সুস্থ আছেন বলে জানান তাসকিন। তিনি বলেন,’‘আল্লাহর রহমতে ঢাকা থেকে নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সবাই সুস্থভাবে, ভালোভাবে পৌঁছেছি।’’
ক্রিকেটাররা অনেক দিন ধরে পরিবার থেকে দূরে আছেন, সেই সাথে আছে জৈব সুরক্ষা বলয়ের অবসাদ। তবে দেশের জন্য এই কাঠিন্যকে বরণ করে নিতে কোনো আপত্তি নেই তাসকিনদের।
তাসকিন বলেন,”৭ দিন রুম কোয়ারেন্টিন হবে। যদিও জিনিসটা কঠিন, কিন্তু ঠিক আছে। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।”
