নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ বিরতির পর দলে ফেরা বেন স্টোকস আবারও চোটে ছিটকে পড়ার শঙ্কায়। ইংল্যান্ড দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এই অলরাউন্ডার।
অ্যাশেজের ব্রিজবেন টেস্টের দ্বিতীয় দিন হাঁটুতে চোট পান স্টোকস। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৯তম ওভারে ফিল্ডিংয়ে বলের পেছনে দৌড়ানোর সময় আঘাত পান তিনি। দিনের বাকিটা সময় হাঁটু নিয়ে ধুঁকতে দেখা যায় তাকে।
আঙ্গুলের চোট ও মানসিক সুস্বাস্থ্যের কথা ভেবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়া মিলিয়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন স্টোকস। খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবশেষ টেস্ট খেলেছেন গত মার্চে, ভারতের মাটিতে।
৯ মাস পর টেস্ট দলে ফিরে শুরুটা ভালো হয়নি তার। ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, যেতে পারেননি দুই অঙ্কে। বল হাতেও রাখতে পারেননি তেমন কোনো অবদান। যদিও একটি উইকেট নেওয়ার সুযোগ এসেছিল, কিন্তু ‘নো’ করে সেটাও হাতছাড়া করেন।
