নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে শেষ দিনে মাঠে খেলা দেখতে আসেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের খেলা দেখতে আসা এই চলচ্চিত্রকার জানালেন সাকিবকে নিয়ে একটি বায়োপিকও বানানোর ইচ্ছা তার।
মূলত বিবাহ বার্ষিকী পালন করতে ‘শ্বশুর বাড়ি’ বাংলাদেশে এসেছেন সৃজিত। সময়টা একদম অবসরের। মিরপুরে আছে তার আত্মীয়ের বাসা। সেই ফাঁকে একটি টেস্ট ম্যাচ মিস করতে চাইলেন না। জানালেন, বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন সৃজিত। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।
সেই প্রসঙ্গেই প্রশ্ন করলেন, ‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’ শুধু সাকিব না সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন রকিবুল। সে ঘটনা মন স্পর্শ করে গেছে সৃজিতকে। সেটাই ফুটিয়ে তুলতে চান সিনেমার পর্দায়, ‘আমার খুব ইচ্ছা রকিবুল হাসানের ঘটনা নিয়ে সিনেমা করব। ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না?’
