নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আবারো কাজ করার সুযোগ আসলে অবশ্যই ভেবে দেখবেন। এখনো সাকিব-মুশফিকদের খেলা অনুসরণ করেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। সময় সংবাদকে তিনি জানান, তামিম-মুশফিকদেরই সিদ্ধান্ত নেয়া উচিৎ তারা কখন কোন ফরম্যাটের খেলা ছাড়বেন। দেশের ক্রিকেটের কিংবদন্তিদের প্রাপ্য সম্মান দেয়ার কথাও বলেন স্টুয়ার্ট ল।
বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ স্টুয়ার্ট ল। ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করেছেন বাংলাদেশে। টাইগার ক্রিকেটের সঙ্গে পথচলা শুরু ২০১১ সালে। তার অধীনেই ভারত-শ্রীলঙ্কার মতো ফর্মের তুঙ্গে থাকা দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনালে খেলে বাংলাদেশ।
ল বলেন, প্রায়ই আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। যে কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করাটাই অনেক সম্মানের। বাংলাদেশের কোচ হিসেবে কাজ করার স্মৃতি অসাধারণ। আমরা খুব বেশী ম্যাচ জিততে পারিনি। তবে ২০১২ সালে এশিয়া কাপ কখনো ভুলবো না। খুব ভালো ক্রিকেট খেলে ভারতের মতো দলকে হারিয়েছিলো বাংলাদেশ। দলের এগিয়ে যাওয়ার শুরুটা ওখান থেকেই। যদিও আবারো বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ আসে তবে অবশ্যই ভেবে দেখবো।
