নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোমাঞ্চকর ড্র’তে শেষ হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। তবে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য মুখিয়ে আছে দু’দলই। দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেয়ার সমীকরণকে মাথায় রেখেই আগামীকাল থেকে মুম্বাইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ে আজ সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
কানপুরে প্রথম টেস্টটি দারুন উত্তেজনায় শেষ হয়। জয়ের হাসি হাসতে পারেনি কোনো দলই। তবে টেস্ট ক্রিকেটার জনপ্রিয়তা আবারো ফুটিয়ে তুলে বিশ্ব ক্রিকেটের মঞ্চে।
পঞ্চম ও শেষ দিনের শেষ বিকেলে ৫২ বলের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জয় বঞ্চিত করেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। আট নম্বরে নেমে ৯১ বল খেলেন রবীন্দ্র। আর শেষ ব্যাটার প্যাটেল খেলেন ২৩ বল। তাতেই হারা ম্যাচ ড্র করে স্বস্তিতে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ভারতীয় দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রামে ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে দেখা যাবে কোহলিকে। তবে উইকেটরক্ষক ঋদ্ধিকে সংশয় রয়েছে। কারন প্রথম টেস্টে ঘাড়ের ব্যথার কারণে দু’ইনিংসের উইকেটের পেছনে পুরো সময় দায়িত্ব পালন করতে পারেননি তিনি।
তবে শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে ভরতে চায় ভারত। এমনটাই বললেন ওপেনার শুভমান গিল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ভাগ্য আমাদের সাথে ছিল না। তবে দ্বিতীয় টেস্টে আমাদের আরো ভালো করতে হবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ টেস্ট খেলতে নামবো আমরা।’
ভারতের মাটিতে ড্রকেই জয়ের সমান মনে করে সফরকারী দলগুলো। প্রথম টেস্ট ড্র’র পর তেমনই মনে হচ্ছে নিউজিল্যান্ডের। তবে কাগজে-কলমে প্রথম টেস্টের ফল ড্র’ই লেখা থাকবে। তাই শেষ টেস্টে ভালো খেলে, সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডেরও। ড্র থেকে আত্মবিশ্বাস পাচ্ছে নিউজিল্যান্ড, বললেন ওপেনার ইয়ং, ‘আমাদের লক্ষ্য সিরিজে ভালো খেলা। সেখানে প্রথম টেস্ট, যেভাবে ড্র করেছি, সেটি প্রশংসনীয়। ভারতের মাটিতে ড্র, জয়ের সমানই। এই ড্র আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আশা করছি, শেষ টেস্টে আরো ভালো খেলে ম্যাচ জিততে পারবো আমরা।’
