নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামেই হয় টাইগারদের প্রথম টেস্ট জয়। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে এই মাঠেই বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের প্রথম জয়। এবার এই মাঠেই দেখা মিলবে দেশের প্রথম টেস্ট অনার্স বোর্ড। তবে কোনো ক্রীড়া সংগঠন নয়, এটি বাস্তবায়ন করেছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।
বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে এখনো টেস্ট ভেন্যুগুলোতে অনার্স বোর্ডের সংযোজন হয়নি। তবে এবার সে উদ্যোগ নিয়ে বাস্তবায়নও করলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। এই মাঠের সেঞ্চুরিয়ান ও ৫ উইকেট শিকারিদের তালিকা সম্বলিত কাঠে খোদাই করা অনার্স বোর্ড উপহার দেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।
সদ্য সমাপ্ত পাকিস্তান-বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট চলাকালীন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১২ টেস্ট সেঞ্চুরিয়ান ও ৯ জন ৫ উইকেট শিকারি বোলারের অনার্স বোর্ডটি হস্তান্তর করা হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিনের কাছে।
