নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হ্যামস্ট্রিং চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। যেকারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হয়নি তার। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। সোমবার (২৯ নভেম্বর) ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। যদি ফিটনেস টেস্টে পাস করেন তাহলে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের।
বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোট পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই চট্টগ্রাম টেস্ট খেলতে নামে বাংলাদেশ।
আগামী ৪ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায়। এই ম্যাচকে সামনে রেখে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি। যে রিপোর্ট এখন টিম ম্যানেজমেন্টের কাছে আছে।
দেশে ফেরা সাকিব আল হাসান নিজের একাডেমিতে প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। তবে সাকিব টেস্টের মত দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেয়েছেন কি না তা বিবেচনা করেই দল ঘোষণা করা হবে।
